আশার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন : স্বরাষ্ট্র উপদেষ্টা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 28 January 2026

আশার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন : স্বরাষ্ট্র উপদেষ্টা


সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেট জেলার নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু আশা করেছিলাম, তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।


তিনি বলেন, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ড্রোন ব্যবহৃত হবে, তবে সব কেন্দ্রে নয়। এছাড়া বডিওন ক্যামেরা ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী আনসার থাকবেন। এই ১০ জনের মধ্যে ৩ জন থাকবেন আর্মড আনসার।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম দায়িত্ব পালন করবে বলে। এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যেকোনো সময়ের তুলনায় এবার অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বুধবার (২৮ জানুয়ারি) সিলেট নগরীর সুবিদবাজারস্থ প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণার বিষয়ে এক নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কারণ, ওই নির্বাচন কমিশনারের বক্তব্য আমি শোনিনি।


এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইজিপি বাহারুল আলমসহ সিলেট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


No comments:

Post a Comment

Pages