সময় ডেস্ক : ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশ থেকেই নিখোঁজ হয়ে গিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) জাকার্তা থেকে মাকাসার অভিমুখে রওনা করার খানিকবাদেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অভ্যন্তরীণ রুটের বিমানটির।
নিখোঁজ বিমানের সন্ধানে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার বিমান চলাচল মন্ত্রণালয়। তবে তথ্যাভিজ্ঞ মহলের মতে, বিমানটি সম্ভবত ধ্বংস হয়ে গিয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)’ জানিয়েছে, এদিন স্থানীয় সময় দুপুরে জাকার্তা থেকে মাকাসার উদ্দেশে রওনা হয়েছিল ‘এটিআর-৪২-৫০০’ মডেলের বিমানটি। আকাশ খানিকটা মেঘলা ছিল এবং দৃশ্যমানতাও অনেক কম ছিল। দুপুর ১টা বেজে ১৭ মিনিটের পরেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটিতে আট ক্রু মেম্বারের পাশাপাশি তিন জন যাত্রী ছিলেন। মাকাসার উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা গেছে মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায়।
উদ্ধারকারী কর্তৃপক্ষ ইতিমধ্যে মারোস রিজেন্সির ওই দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধকালীন ভিত্তিতে অনুসন্ধান দল পাঠিয়েছে। তবে পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ার কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। বিমানে থাকা ১১ জন আরোহীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বর মাসেও ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমানতান প্রদেশে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছিল। ওই মর্মান্তিক দুর্ঘটনায় ছয় যাত্রী ও দুই ক্রু সদস্যসহ মোট আটজন আরোহীর সবাই প্রাণ হারিয়েছিলেন।

No comments:
Post a Comment