পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 16 January 2026

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার


সময় ডেস্ক :
রাজবাড়ীতে পাম্প থেকে তেল নিয়ে টাকা পরিশোধ না করে পালানোর সময় পেট্রল পাম্পের এক কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে ব্যবসায়ী ও সাবেক জেলা যুবদলের সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রিপন সাহা (২৮) করিম ফিলিং স্টেশনের কর্মচারী।


শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।


গ্রেপ্তারকৃত আবুল হাসেম সুজন, রামকান্তপুর ইউনিয়নের বড় মুড়ারিপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ও কামাল হোসেন সরদার, বানীবহ নিচপাড়ার আক্তার সরদারের ছেলে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি কালো রঙের পাজেরো জিপ করিম ফিলিং স্টেশনে এসে প্রায় ৫ হাজার টাকার অকটেন নেয়। তেল নেওয়ার পর গাড়ির আরোহীরা টাকা পরিশোধ না করেই দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে।


এ সময় পাম্প কর্মচারী রিপন সাহা গাড়িটির সামনে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করলে গাড়িটি তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পাম্প এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।


স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ঘটনার সত্যতা নিশ্চিত হয়।


পরে শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর বড় মুরারীপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করে পুলিশ।


নিহত রিপন সাহার বাবা পবিত্র সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে শুধু তার পাওনা টাকাটা চাইছিল। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।


রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, তেলের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আবুল হাশেম সুজনের গাড়ি পাম্প কর্মচারী রিপন সাহাকে চাপা দিয়ে হত্যা করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ও তার গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।


No comments:

Post a Comment

Pages