চট্টগ্রামে সরকারি তেল চুরি করতে পাইপলাইনের ওপর ঘর নির্মাণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 8 January 2026

চট্টগ্রামে সরকারি তেল চুরি করতে পাইপলাইনের ওপর ঘর নির্মাণ


সময় ডেস্ক :
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহন পাইপলাইন ফুটো করে তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালানো হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ডোবায় তেল ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরই বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে হাদি ফকিরহাট বাজার এলাকায় বিপিসির তেল সঞ্চালন লাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। ঘরটির মালিক মো. আফসার জনৈক আমিরুল ইসলামের কাছে সেটি ভাড়া দেন। ভাড়া নেওয়ার পর আমিরুল একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে প্রায় ১২ ফুট নিচ দিয়ে যাওয়া বিপিসির পাইপলাইন ফুটো করে অবৈধভাবে তেল উত্তোলন শুরু করেন।


একপর্যায়ে পাইপলাইন ফুটো করার পর অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে শুরু করলে আমিরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এদিকে, পাশের ডোবায় তেল ভাসতে দেখে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তা বলয় তৈরি করে।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের বলেন, ‘মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইনে ফুটো করে একটি চক্র তেল চুরির চেষ্টা করছিল। ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল, একটি ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিপিসির কর্মকর্তারা পাইপলাইন মেরামতের কাজ করছেন।’


মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক মো. আফসারের স্ত্রী নুরজাহান বেগমকে পুলিশ আটক করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এছাড়া বিপিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


No comments:

Post a Comment

Pages