সময় ডেস্ক : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও ইকবাল মঞ্জিলের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট হয়ে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিকে পিকআপটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করছিল। এ সময় গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও এলাকায় পৌঁছালে বাস ও পিকআপটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও জয়কলস হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় এনা পরিবহনের বাসের চালক গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment