বিপিএল টুর্নামেন্ট সেরা শরিফুল, ফাইনাল সেরা তানজিদ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 23 January 2026

বিপিএল টুর্নামেন্ট সেরা শরিফুল, ফাইনাল সেরা তানজিদ


সময় ডেস্ক :
দ্বাদশ বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সবার আগে ফাইনাল নিশ্চিত করলেও ফাইনালে রাজশাহীর কাছে কোনো পাত্তাই পায়নি চট্টগ্রাম। ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বন্দরনগরীর দলটি। এদিন আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। আর তাতেই ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন তিনি। অন্যদিকে শিরোপা জিততে না পারলেও ‍টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন শরিফুল ইসলাম।


ফাইনাল ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে এলেন আকবর আলী ও সালমা খাতুন। বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক হিসেবে হীরা খচিত ট্রফিটি নিয়ে আসেন আকবর। এবারের বিপিএলে তিনি খেলেছেন রাজশাহীর হয়ে। 


এরপর হলো ফটোসেশন, তবে ট্রফিটি ছুঁয়ে দেখা হলো চট্টগ্রামের ক্রিকেটারদের। শুরু থেকেই চট্টগ্রামের দলটা নিয়ে ছিল নানা নাটকীয়তা। দলটির মালিকানা ছেড়ে দেওয়ার পর দায়িত্ব নেয় বিসিবি। সেই দলটিই শেষ পর্যন্ত খেললো ফাইনাল। 

 

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী। ব্যাট করতে নেমেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হতে থাকেন তানজিদ হাসান তামিম। খেললেন ৬২ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস। ৬টি চার ও ৭টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। 


ইনজুরি নিয়ে দায়িত্বশীল ও সাহসী ব্যাটিং করেছেন তানজিদ। রাজশাহীর শিরোপা জয়ের পথে দুর্দান্ত ভূমিকা রেখেছে তার এই সেঞ্চুরি। ম্যাচজুড়ে প্রভাব বিস্তার করা এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে তার হাতেই। 

 

অন্যদিকে শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করে আলাদা করে নজর কেড়েছেন চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বিপিএলের এবারের আসরে তিনি নিয়েছেন ২৬ উইকেট। এই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন শরিফুল ইসলাম।


No comments:

Post a Comment

Pages