মহানবী (সঃ) এর আদর্শে বাংলাদেশ পরিচালনা কর হবে : সিলেটে তারেক রহমান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 22 January 2026

মহানবী (সঃ) এর আদর্শে বাংলাদেশ পরিচালনা কর হবে : সিলেটে তারেক রহমান


জাবেদ এমরান :
সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির আনুষ্ঠানটি প্রথম নির্বাচনী প্রচারণায় বিশাল সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর আদর্শে বাংলাদেশ পরিচালনা কর হবে বলে জানান বিএনপির চেয়ারম্যান। 


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি ও জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বিভিন্ন জেলা, উপজেলা থেকে বুধবার দিবাগত রাত থেকে নেতাকর্মীরা সিলেটে আসতে থাকেন। অনেকে আলিয়ার মাঠে রাত্রিযাপনও করেন। 


গত ১৫ বছর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাঠানো হয়েছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরো বলেন, আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক ও দেশের অর্থনীতির উন্নয়ন করা হবে। বিএনপি নির্বাচিত হলে সারাদেশে খাল খনন করা হবে। খাল খনন করে কৃষকদের পাশে দাঁড়াব। আমরা কৃষকদের উন্নয়ন করতে চাই। 


সড়কের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৫ সালে সুনামগঞ্জে আসতে আমার সময় লেগেছিল প্রায় ৪ ঘণ্টা। অথচ আজ ঢাকার সঙ্গে সিলেটের যাতায়াতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। অনেক ক্ষেত্রে লন্ডনে যেতে প্লেনে এর চেয়েও কম সময় লাগে, এটাই উন্নয়নের বাস্তব চিত্র। উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। অথচ মানুষের জীবনমান, যোগাযোগব্যবস্থা কিংবা নিরাপত্তার কোনো মৌলিক উন্নয়ন হয়নি। সড়ক দুর্ঘটনা ও দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বিএনপিসহ লাখো সাধারণ মানুষ নির্যাতিত, পঙ্গু ও নিঃস্ব হয়েছেন। যারা পালিয়ে গেছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো অন্যদের গুম করেছে। গুম-খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত করেছি। 


তারেক রহমান বলেন, ব্যালট ছিনতাই ও ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, একটি সময় দেশকে অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। বিএনপির রাজনীতি কারও দাসত্বের নয়। দিল্লি নয়, পিন্ডি নয়-সবার আগে বাংলাদেশ- এই নীতিতেই বিএনপি দেশ পরিচালনা করতে চায়। তারেক রহমান বলেন, ধানের শীষ  নির্বাচনে বিজয়ী হলে কৃষকদের কৃষি কার্ড, অন্যানদের ফ্যামিলি  কার্ড প্রদান করা হবে। তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিদেশগামীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা সম্মানের সঙ্গে কাজ করতে পারে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। নারী ক্ষমতায়নে নারীদের স্বাবলম্বী করা হবে। 


বিদেশে বসে পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র ও দেশের ভেতরে নানা চক্রান্ত চলছে দাবি করে তারেক রহমান সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, জুলাই-আগস্টে জনগণ ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পারে- এটা প্রমাণ করেছে। দেশের উন্নয়নে ১২ তারিখ ধানের শীষের পক্ষে সিলেটবাসীর কাছে তিনি ভোট চান। 


আলিয়া মাদরাসা মাঠ বিএনপির রাজনীতিতে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া একাধিকবার এই মাঠে জনসভা করেন। সেই ধারাবাহিকতায় এবারও বিএনপির আনুষ্ঠানিক প্রচারণায় তারেক রহমান আলিয়া মাদরাসার মঞ্চকে বেচে নেন।


সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পারিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনের প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনা, সিলেট-৩ আসনের প্রার্থী এম এ মালেক, সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট-৫ আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন মিলন, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এহসান প্রমুখ। উপস্থিত ছিলেন- সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের বিএনপি মনোনীত ১০ জন সংসদ সদস্য প্রার্থী, সমর্থক নেতাকর্মীরা। 


বিএনপির সমাবেশকে ঘিরে সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা হতে নেতানেত্রীদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে একে একে আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। এ উপলক্ষে আলিয়া মাঠে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে বাঁধভাঙা উচ্ছ্বাস। মিছিল ও ব্যান্ড পার্টির শব্দে মুখরিত হয়ে উঠেছে সিলেটের রাজপথ। দলে দলে মানুষের ঢল নেমেছে আলিয়া মাদরাসা মাঠ অভিমুখে। তাদের মুখে শোনা যায় বিএনপি ও ধানের শীষের পক্ষে নানা স্লোগান। কোনো কোনো দলে রয়েছে ব্যান্ড পার্টিও। 


এছাড়া বুধবার রাত থেকেই বিভিন্ন উপজেলা ও জেলার নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে অবস্থান নেন। বেলা বাড়ার সাথে সাথে আলিয়া মাদরাসা মাঠ ও তার আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমানের যাতায়াতের সড়কগুলোতেও উপচে পরা ভিড় দেখা যায়। 


নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের পর্যাপ্ত সদস্যদের তীক্ষ্ণ নজরদারি থাকায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রথম সমাবেশ সম্পন্ন হয়।


No comments:

Post a Comment

Pages