সময় ডেস্ক : সিইসির ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি তফসিল নিয়ে সন্তুষ্ট বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।
তিনি বলেন, এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা। ইসি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোট করবে এমন আশা প্রকাশ করে বিএনপি। এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আগেই রেকর্ড করা ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
এদিকে, তফশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ৷

No comments:
Post a Comment