জাবেদ এমরান : দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে সিলেটে জাঁকজমকভাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
রোববার (০৯ নভেম্বর) সকালে সিলেটের চাঁদনিঘাটে আলী আমজদের ঘড়িঘরের সামনে ট্রফি উন্মোচনকালে দুই অধিনায়কের সাথে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
এ সময় বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডু বালবিরনি ছাড়াও ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও গণমাধ্যম প্রতিনিধিরাও। অনুষ্ঠানে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচনা ঘোষণা করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়েছে। যার আওতায় দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে আন্তর্জাতিক সিরিজের ট্রফি উন্মোচন আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
এরই অংশ হিসেবে এর আগে ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল। এছাড়াও পূর্বে সিলেটের চা-বাগান এলাকাতেও এমন আয়োজন দেখা গেছে। তার-ই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার বেছে নেওয়া হয় সিলেটের ঐতিহ্যের প্রতীক আলী আমজদের ঘড়ি ঘর ও ক্বীনব্রীজ।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই অধিনায়ক আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “নিজেদের মাঠে খেলতে নামা সবসময়ই গর্বের বিষয়। সিলেটে দারুণ একটি ম্যাচ হবে বলে আমি বিশ্বাস করি। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট উপহার দিতে।”
অন্যদিকে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডু বালবিরনি বলেন, “বাংলাদেশে খেলতে আসা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা। এই পরিবেশ, এই উচ্ছ্বাস—সবকিছু আমাদের অনুপ্রাণিত করে। আশা করি, দর্শকরা উপভোগ্য টেস্ট ম্যাচ দেখতে পাবেন।”
সিলেটের ঐতিহাসিক স্থাপনায় এমন আয়োজন ঘিরে স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ট্রফি উন্মোচনের সময় ক্বীনব্রীজ এলাকায় জড়ো হন শতাধিক ক্রিকেটপ্রেমী, যারা দুই দলকেই শুভকামনা জানান।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এই টেস্ট সিরিজের মধ্য দিয়ে সিলেট আবারো পরিণত হচ্ছে দেশের ক্রিকেট উৎসবের প্রাণকেন্দ্রে।
প্রসঙ্গঃ একই স্থানে ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের নারী দলের টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছিল। দ্বিতীয়বারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ট্রফি উন্মোচন হয়।
আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ১৯ নভেম্বর থেকে। সিরিজের পরবর্তী টি-২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে।
এর আগে ২০২৪ সালে এই ঐতিহাসিক নিদর্শনের সামনে টি২০ সিরিজের ট্রফি উন্মোচন করেছিল বাংলাদেশ ও ভারতের নারী দল। দুদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর জেলার ঐতিহাসিক নিদর্শনের সামনে ট্রফি উন্মোচন করেন।

No comments:
Post a Comment