সময় ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দল’ না থাকায় ইসির প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার থেকে আমরণ অনশনরত দলটির সদস্যসচিব মো. তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুল্যান্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়।
এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার।’
তিনি বলেন, ‘যাতে সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।’
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইসি তিনটি নতুন রাজনৈতিক দলকে—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিবন্ধন না পাওয়ায় ওই দিন বিকেল ৪টা থেকেই ইসির ফটকের সামনে অনশন শুরু করেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
রোববার সন্ধ্যা পর্যন্ত তার অনশনের ১৩০ ঘণ্টা পেরিয়েছে। দীর্ঘ অনশনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটার কারনে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

No comments:
Post a Comment