বিভক্তির কারণে সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান : মির্জা ফখরুল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 24 November 2025

বিভক্তির কারণে সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান : মির্জা ফখরুল


সময় ডেস্ক :
বিভক্তির কারণে সাংবাদিকেরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে। বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। আপনারা নিজেরাই আজকে দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের পকেটে ঢুকতে দিতে চায় না, কিন্তু আপনারাই যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু সমস্যা।’

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক এই সেমিনারে গণমাধ্যম সংস্কারের প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব।

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'আমরা দেখেছি তো আপনার গত ১৫ বছরে কী হয়েছে? গত ১৫ বছর আপনারা নিজেরাই উদ্যোগী হয়ে ফ্যাসিস্টকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এদেশের মানুষের দেখা। সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে, আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন, আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে স্বাধীন সাংবাদিকতা করবেন।'

তিনি বলেন, 'আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার, আমার ৩১ দফাতে বলেছি, আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, সেজন্য আমরা তখনই কমিটি করেছিলাম একটা কমিশন তৈরি করব। কমিশন ইতোমধ্যে তৈরি হয়েছে, দুঃখের সঙ্গে আমরা জানলাম কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টটি নিয়ে কোনো আলোচনা হয়নি।

আমরা আশা করি, সরকার পরিচালনার দায়িত্ব যদি জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখব বলে আমরা বিশ্বাস করি।'

বিএনপি ক্ষমতায় গেলেই সংবাদমাধ্যমের উন্নয়ন হয় দাবি করে দলটির মহাসচিব বলেন, '১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশের সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটি পত্রিকা ছাড়া, সে পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণে চলছিল। এ অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনায় এসছেন, তখন তিনি একটা মুক্ত স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করেছেন। তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসেছে এবং মাধ্যমগুলো চালু হয়েছে। 

আমরা পরবর্তীকালে দেখেছি, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই গণমাধ্যমকে উন্নত করবার জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে আজকে টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখছি, সেই সময় কিন্তু কাজগুলো শুরু হয়েছিল।'

মতবিনিময়ের ধারাবাহিকতায় চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে এই মতবিনিময়ের আয়োজন করে বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিকেরা।

No comments:

Post a Comment

Pages