সময় ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচনের জন্য শাপলা নয়, বরং বেগুন, বালতি, সেলাই মেশিনসহ মোট ৫০টি প্রতীক থেকে তাদের পছন্দের মার্কা বাছাই করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল এবং প্রাথমিক পর্যালোচনায় আবেদনটি গ্রহণ করা হয়েছে। আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল ফোনকে পছন্দ হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে দল শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা দেওয়ার জন্য সংশোধিত আবেদন জানায়।
তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর ধারা ৯(১) অনুযায়ী, শাপলা বা তার বিভিন্ন রঙের কোনো ভেরিয়েন্ট প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নেই।
চিঠিতে আরো বলা হয়েছে, ‘নির্বাচনে কোনো দলকে বরাদ্দিত প্রতীকের তালিকা থেকে যেকোনো একটি প্রতীক নির্বাচন করে ব্যবহার করার সুযোগ থাকবে। এবং এটি দলটির জন্য সংরক্ষিত থাকবে।’ এ অবস্থায় এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনকে তাদের পছন্দের প্রতীকের তথ্য জানাতে বলা হয়েছে।
বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনসিপি প্রথমে শাপলা, কলম বা মোবাইল ফোনের যেকোনো একটি প্রতীক চেয়েছিল, পরে আবেদন সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চাওয়া হয়।
সচিব এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘শাপলা প্রতীক আইনের তালিকায় নেই। রাজনৈতিক নেতারা তাদের মত প্রকাশ করতে পারেন, কিন্তু আমরা আইন অনুযায়ী কাজ করব। এটা কোনো হুমকি নয়, বরং দেশপ্রেমিকদের স্বাভাবিক দাবি।’
এ পর্যন্ত ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে দল নিবন্ধনের প্রথা চালু হয়। মোট ৫৬টি দল নিবন্ধন পায়, তবে শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের আদেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। বর্তমানে আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেয়েছে। কিন্তু ইসি কেবল জামায়াতের নিবন্ধন কার্যকর করেছে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১৩টি দলের আবেদন পর্যালোচনায় রয়েছে।

No comments:
Post a Comment