শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জাজিরার বাসিন্দা মিথুন ঢালী ঢাকার তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সাবেক ছাত্রলীগ নেতা মিথুন ঢালী জাজিরা থানার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। এরপর গত ২৯ সেপ্টেম্বর বৃক্ষ রোপন কর্মসূচি পালন ও মিছিল করে জাজিরা থানা এলাকায় মহড়া দেন।
এ ঘটনার পরে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে জাজিরার কুণ্ডেরচর ইউনিয়নে ফিরোজ খানের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় স্থানীয় মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করার চেষ্টা করে। পরবর্তীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যান।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে জাজিরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। এ মামলার দুই নম্বর আসামি মিথুন ঢালী।
পুলিশি অভিযান ও মামলার কারণে ক্ষিপ্ত হয়ে মিথুন ঢালী শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে একটি বিদেশি নম্বর থেকে মোবাইলে কল করে ওসি মাইনুল ইসলাম ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যা করার হুমকি দেন। বিষয়টি নিয়ে জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন ওসি।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন মিথুন ঢালী। এ বিষয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এছাড়াও মোবাইল করে হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে একটি জিডি করা হয়েছে। জিডির বিষয়ে আদালতের অনুমতি পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment