সিলেটে এসিল্যান্ডের গাড়ি চাপায় মদনমোহন কলেজ কর্মচারীর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 2 October 2025

সিলেটে এসিল্যান্ডের গাড়ি চাপায় মদনমোহন কলেজ কর্মচারীর মৃত্যু


সময় ডেস্ক : সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের সরকারি গাড়ির চাপায় সিলেট মদনমোহন কলেজের এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আশিষ কুমার দাস বিনয় (৫৫)। পূজার আনন্দের পরিবর্তে তার পরিবারে এখন শোকের মাতম চলছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।


বুধবার (১ ) সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আশিষ কুমার দাসকে চাপা দেয় ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের সরকারি গাড়ি (সুনামগঞ্জ-থ-১০-০০১৩)। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে 'কালনি এক্সপ্রেস'-এ করে যাওয়ার কথা ছিল ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের। কিন্তু সময়মতো সিলেট রেল স্টেশনে পৌঁছাতে না পারায় ট্রেনটি তাকে ফেলেই চলে যায়। এরপর তিনি নিয়ম ভঙ্গ করে তার সরকারি গাড়ি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে ট্রেন ধরতে রওয়ানা হন।


অন্যদিকে, পূজার ছুটিতে মোটরসাইকেলে (সিলেট মেট্রো ল-১২-০৩৬৬) করে সিলেট থেকে নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অফিস সহকারী আশিষ কুমার দাস। পথিমধ্যে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক নামক স্থানে পৌঁছালে এসিল্যান্ডের সাদা সরকারি গাড়িটি তাকে চাপা দেয়।


খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসিল্যান্ডের গাড়ি ও মোটরসাইকেলটি উদ্ধার করে। গাড়ির চালক আলবাব হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজনগর থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


এ বিষয়ে জানতে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান জানান, ছাতকের এসিল্যান্ডের গাড়িটি ছাতক যাওয়ার পথে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছিল। এ ঘটনায় তিনি মদনমোহন কলেজের অধ্যাপকের সাথে কথা বলেছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।


No comments:

Post a Comment

Pages