এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 20 September 2025

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়


সময় ডেস্ক : এশিয়া কাপের সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ১ বল হাতে রেখেই শ্রীলঙ্কার দেওয়া ১৬৮ রান টপকে ফেলে টাইগাররা।


শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাইয়ে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। এদিন একাদশে দুই পরিবর্তন নিয়ে লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ।


আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় দুই লঙ্কান ওপেনার। প্রথম পাঁচ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৪৪ রান। এরপর নিসাঙ্কা আউট হন ১৫ বলে ২২ রান করে।


অন্যপ্রান্তে মেন্ডিস ২৫ বলে ৩৪ রান করে ফেরেন সাজঘরে। তার ইনিংসে ছিল একটি চারের সঙ্গে তিনটি ছক্কা। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।


তবে শেষদিকে দাসুন শানাকার মারমুখি ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে এগোতে থাকে লঙ্কানরা। তার ৩৭ বলে অপরাজিত ৬৪ রানে ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে তারা।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এছাড়া দুই উইকেট নেন মেহেদী হাসান। আর একটি উইকেট যায় তাসকিন আহমেদের ঝুলিতে।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এতে কিছুটা চাপে পড়ে তারা। তবে অধিনায়ক লিটন দাস ও আরেক ওপেনার সাইফ হাসান ঠিকই রানের চাকা সচল রাখেন।


লিটনের বিদায়ের পর সাইফ অবশ্য থেমে জাননি। একের পর এক দুর্দান্ত শট খেলেন তিনি। তুলে নেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ৪৫ বলে ৬১ রান করে ক্ষান্ত হন সাইফ, হাঁকান দুটি চার ও দ্বিগুণ ছক্কা। 


এরপর চড়াও হন তাওহীদ হৃদয়। ফর্মে ফিরে নিন্দুকদের জবাব দেওয়ার দিনে বাংলাদেশকে জয়ের পথ দেখান হেসেখেলে। ৩৬ বলে সাইফের অর্ধশতক হয়, হৃদয় অর্ধশতক হাঁকান ৩১ বলে। 


জয় নিশ্চিত হওয়ার একটু আগে ৩৭ বলে ৫৮ রান করে থামেন চারটি চার ও দুটি ছক্কা হাঁকানো হৃদয়। জয়ের জন্য যখন ১ রান প্রয়োজন তখন জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে ৪ উইকেটের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।


No comments:

Post a Comment

Pages