ঘোষণা অনুযায়ী, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে দলটি। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো নুরের ওপর হামলার প্রতিবাদ জানানো এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উত্থাপন করা।
গণঅধিকার পরিষদ জানিয়েছে, এ কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন- ছাত্র, যুব, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ ও সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, তাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায়। এই হামলায় নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৯টার পর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসেন। সেখানে নুরুল হক নুরসহ দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিপেটা করেন।
এর আগে ওই দিন সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে বেশ কয়েকজন সাংবাদিকসহ আরও অনেকে আহত হন।
গণঅধিকার পরিষদ দৃঢ়ভাবে এই হামলার নিন্দা জানিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

No comments:
Post a Comment