বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 31 August 2025

বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল


সময় ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের প্রস্তাবিত ৩১ দফার মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি স্পষ্ট করে ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।


রোববার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশকে রক্ষা করতে সক্ষম। দলের ৩১ দফা সংস্কার বাস্তবায়িত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন ঘটবে।


আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন অভিযোগ করেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে যাতে নির্বাচন বিঘ্নিত হয় এবং বাংলাদেশ গণতন্ত্র থেকে দূরে সরে যায়। তিনি বলেন, একটি নির্দিষ্ট দলকে বিএনপির ভোটে সাহায্য করা হলেও তারা দেশের স্বাধীনতাকে ভুলে গিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। হাফিজ আরও অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এমনকি লোকসভায় শেখ হাসিনার গুণগান গেয়ে তাকে ফের ক্ষমতায় আনার অপচেষ্টা চলছে।


দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, কঠিন সময়ের এই প্রেক্ষাপটে বিএনপির জন্মদিনে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতির মাধ্যমে কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।


স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদের পতাকার নিচে জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হয়েছে। তার মতে, গণতন্ত্র রক্ষার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিএনপির হাত ধরেই আসবে নতুন বিপ্লব।


No comments:

Post a Comment

Pages