সময় ডেস্ক : অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচির দিনক্ষণ। পুরুষ এশিয়া কাপের আসর বসবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। যদিও আগে গুঞ্জন ছিল এশিয়া কাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে, তবে এসিসি সভাপতি নিজেই তা স্পষ্ট করে দিয়েছেন।
এক্সে (টুইটারে) এসিসির চেয়ারম্যান লিখেছেন,‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে পুরুষদের এসিসি এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দারুণ এক ক্রিকেট উৎসবের প্রত্যাশায় আছি!’
তিনি আরও জানান, পূর্ণাঙ্গ সূচি, ম্যাচের সময় ও ভেন্যু খুব দ্রুত জানানো হবে।
এবারের আসরে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। অন্যান্য দলগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে খেলবে আরব আমিরাত, হংকং ও ওমান।
প্রাথমিকভাবে টুর্নামেন্টটি ভারতে আয়োজনের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে কোন শহরে বা কোন স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি এসিসি।

No comments:
Post a Comment