সময় ডেস্ক : বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে থাকা কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, আদেশ অনুযায়ী আশুলিয়ায় ৯ তলা ভবন, পল্লবীতে একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি ক্রোক করা হয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা। একইসঙ্গে সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে।
দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবীল হক আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক একটি অনুসন্ধান টিম গঠন করে।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্তরা ব্যাংক অ্যাকাউন্টের অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি দুদকের অনুসন্ধান শুরুর পরেই হেবা দলিলের মাধ্যমে ৯ তলা ভবন ও ফ্ল্যাট স্ত্রী ও দুই মেয়ের নামে স্থানান্তরের চেষ্টা করেন। সম্পদ গোপনের এই উদ্যোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালতের কাছে এসব সম্পদ ক্রোক ও হিসাব ফ্রিজের আবেদন করা হয়।
দুদক জানায়, অনুসন্ধান শেষ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment