সময় ডেস্ক : কুড়িগ্রামের সদরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যার অভিযোগে মা-বাবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
হত্যার শিকার তরুণীর নাম জান্নাতি আক্তার (১৫)। তিনি সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা।
আটকরা হলেন বাবা জাহিদুল ইসলাম (৪৫), মা মোছা. মোর্শেদা (৩৮) বেগম ও চাচী মোছা. শাহিনুর বেগম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুলের সঙ্গে প্রতিবেশী মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছিল। পরবর্তীতে প্রতিপক্ষদের ফাঁসাতে গত শনিবার গভীর রাতে স্ত্রী ও ভাবীর সহযোগিতায় মেয়ে জান্নাতিকে রড ও দা দিয়ে কুপিয়ে হত্যার পর ভুট্টা ক্ষেতে নিয়ে খড়ের পালায় আগুন লাগিয়ে দেন।
এ ঘটনায় নিহতের চাচা মো. খলিল হক (৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে প্রতিপক্ষকে ফাঁসাতে মা-বাবা নিজের মেয়েকে হত্যা করার মতো তথ্য ওঠে আসে।
প্রতিপক্ষকে ফাঁসাতে এমন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ওসি (ডিবি) বজলার রহমান। তিনি বলেন, মামলার তদন্তকারী অফিসার ও ডিবি পুলিশের একটি টিমের তাৎক্ষণিক অনুসন্ধানে মাত্র ৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন করা হয়। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।

No comments:
Post a Comment