সুনামগঞ্জে ধান শুকানোকে কেন্দ্র করে যুবক খুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 26 April 2025

সুনামগঞ্জে ধান শুকানোকে কেন্দ্র করে যুবক খুন


সময় ডেস্ক :
সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন হয়েছেন। নিহত যুবক প্রান্ত দাস (২০) বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে।


শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতের স্বজন ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পাশাপাশি খলায় ধান শুকানো শেষে বস্তাবন্দি করছিলেন নিহত যুবকের ভাই পলাশ দাস ও প্রতিবেশী চান মিয়ার ছেলে শাকিল। ধান উঠানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।


এ সময় শাকিল পলাশ দাসকে হুমকি দিয়ে দৌড়ে বাড়ির দিকে যায়। সুলফি হাতে ফিরে এসে পলাশ দাসকে সেখানে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে সুলফি দিয়ে আঘাত করে উত্তেজিত যুবক শাকিল। বুকের বামপাশে সুলফি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রান্ত দাস।


স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার প্রান্ত দাসকে মৃত ঘোষণা করেন।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।


No comments:

Post a Comment

Pages