জ্যৈষ্ঠ প্রতিবেদক : ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড। সিলেটে ঘুরে দাঁড়ানোর দৃঢ় মনোবল নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল আইরিশ মেয়েরা। যেখানে স্বপ্ন পুরানে পুরোপুরি সফল হয়েছে সফরকারীরা। প্রথম দিনের ম্যাচে বাংলাদেশকে ১২ রানে হারায় আয়ারল্যান্ড। জয়ের খুব কাছাকাছি গিয়েও হারের স্বাদ গ্রহণ করে মাঠ ছাড়তে হয় নিগার সুলতানা জ্যোতিদের।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ১২ রানের জয় পায় আইরিশ মেয়েরা। নিজেদের মাঠে বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল দুই টাইগার ওপেনার দিলারা আক্তার এবং শোবহানা মোস্তারি। দুজনের ব্যাটে ভর করে ১১ ওভারেই ১০০ রানের কোটা অতিক্রম করে স্বাগতিকরা। তবে ফিফটি তুলতে পারেনি কেউ।
৩৫ বলে ৪৬ রান করে মোস্তারি আউট হলে ৪ রান করে তাকে সঙ্গ দেন জ্যোতি। তারপর ৪১ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার দিলারা। পিচে এসে ব্যাট চালাতে থাকেন তেজ নাহার। ১৪ বলে ১৮ রান করে এই ব্যাটার আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন শারমিন আক্তার।
কিন্তু ১৯তম ওভারে মেইডেন দিয়ে দুই উইকেট তুলে নিয়ে টাইগ্রেসদের ব্যাট থেকে ছিটকে ওরালা প্রেন্ডারগ্রাস্ট। শেষ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮ রানে। ১৩ বলে ২৩ রান করে শারমিন অপরাজিত থাকলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান। ফলে ওয়ানডে সিরিজ হারা আয়ারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে ১২ রানের জয় পায়।
আয়ারল্যান্ডের হয়ে ওরালা প্রেন্ডারগ্রাস্ট এবং আর্লেন কেলি তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া এক উইকেট নেন অ্যামি ম্যাগুয়ার। তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। মাত্র ১০ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার অ্যামি হান্টার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ওরালা প্রেন্ডারগ্রাস্ট। ১৫ বলে ১১ রান করে এই ব্যাট আউট হলে দলীয় ৪৬ রানে দুই উইকেট হারায় আইরিশরা।
তবে লেয়া পলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক গ্যাবি লুইস। ওয়ানডে সিরিজে রান করতে না পারলেও এদিন ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। অপর প্রান্ত থেকে ফিফটি তুলে নেন পলও। দুজনের ব্যাট থেকে আসে ১৫৩ রান। ৪২ বলে ৬০ রান করে ১৮তম ওভারে সাজঘরে ফেরেন লুইস। এরপর লরা ডেলানি (২) এবং উনা রেমন্ড-হোই শূন্য রানে আউট হলেও লেয়া পলের অপরাজিত ৭৯ রানে ভর করে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটা আয়ারল্যান্ডের সর্বোচ্চ রানের স্কোর।

No comments:
Post a Comment