৩০ ডিসেম্বর বিপিএল, চূড়ান্ত সূচি প্রকাশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 12 November 2024

৩০ ডিসেম্বর বিপিএল, চূড়ান্ত সূচি প্রকাশ


সময় ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর থেকে। যা শেষ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৫। ৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভিডিওর মাধ্যমে এবারের বিপিএলের সূচি ঘোষণা করে।


বিপিএলে অংশ নেয়া ৭টি দল হচ্ছে- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশাবাদী, আগের আসরগুলোর তুলনায় আরও উন্নতমানের বিপিএল উপহার দিতে পারবে এবারের আয়োজন।



টিকিট ও গ্যালারি ব্যবস্থাপনায় নতুনত্ব


এবারের বিপিএলে টিকেট ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল করা হয়েছে। পাশাপাশি, দর্শকদের সুবিধার্থে গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা থাকবে এবং স্টেডিয়াম পরিষ্কার রাখতে থাকবে বিশেষ কর্মসূচি। এ ছাড়া শুরু থেকেই থাকবে ডিআরএস প্রযুক্তি, উন্নতমানের সম্প্রচার ব্যবস্থা, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকারদের অংশগ্রহণ।



ভেন্যু ও ম্যাচ সূচি


ঢাকায় শুরু হবে বিপিএলের প্রথম পর্ব, যেখানে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ৮টি ম্যাচ। এরপর টুর্নামেন্ট স্থানান্তরিত হবে সিলেটে, যেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে মোট ১২টি ম্যাচ। ১৬ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলবে পরবর্তী ১২টি ম্যাচ। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরে আসবে এবং ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।



কোয়ালিফায়ার ও ফাইনাল


৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমেনেটর আর একই দিন রাতে হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি, এক দিনের বিরতি শেষে। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল, যা দিয়ে শেষ হবে এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের ১১তম আসর।



দিন ও রাতের ম্যাচ সময়সূচি


বিপিএলে দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১ট ৩০ মিনিটে এবং শেষ হবে বিকেল ৪টা ৫০ মিনিটে। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, আর রাতে ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। রাতের অন্যান্য ম্যাচগুলো সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত।


এই আয়োজন দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উত্তেজনা নিয়ে আসবে বলে আশা করছে বিসিবি, যারা বিপিএলকে আরও আকর্ষণীয় করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে।


No comments:

Post a Comment

Pages