সময় ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এস রহমান স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- আশরাফ উদ্দিন (৩৯), মো. নুরুল আলম (৪০), শহিদুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (৩৫), কফিল উদ্দিন (২০), নুরু উদ্দিন (৩৩), কাজী সামির (২০), তানজিম (১৮), সাব্বির শাহাদাৎ (২০), রাহাত হাসান হাসিব (১৮)৷
আহত জামায়াতের নেতাকর্মীরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নুরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও জামায়াতের দলীয় সূত্র জানায়, মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় এস রহমান স্কুলে কর্মী সমাবেশ চলছিল। যেটি তাদের পূর্ব নির্ধারিত দলীয় প্রোগ্রাম। এসময় এলাকার স্থানীয় বিএনপি নেতা শাহ আলম প্রোগ্রাম স্থলে এসে জামায়াত নেতাদের কাছ থেকে মাইক কেড়ে নেন। প্রোগ্রাম করার আগে বিএনপি থেকে অনুমতি কেন নেয়া হলো না- এমন অভিযোগ করেন তিনি। তখন প্রোগ্রাম স্থলে হট্টগোল লেগে যায়। একপর্যায়ে হাতাহাতি থেকে হামলার ঘটনায় রূপ নেয়। তখন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা হামলার শিকার হয়৷
মিরসরাই উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার বলেন, জামায়াতের কর্মী সমাবেশে স্থানীয় যুবদল নেতা কামরুলের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের দলীয় প্রোগ্রাম বিএনপি থেকে কেন অনুমতি নিতে হবে? আমাদের ১০ জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন।
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মারামারির ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

No comments:
Post a Comment