সময় ডেস্ক : সিলেটের কানাইঘাটে ছাত্রদল কর্মীর ক্ষুরের আঘাতে খুন হয়েছেন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুমিন সরকার (২৮)। সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে এ ঘটনা ঘটে। তারা একে অপরের বন্ধু ছিলেন।
নিহত মুমিন সরকার পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
হত্যাকাণ্ডের পর পরই অভিযুক্ত রাজু আহমদ পালিয়ে যায়। তিনি দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুমিন ও রাজু দুই বন্ধু। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে।
পূর্ব বিরোধের জের ধরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় স্থানীয় লোকজন এ গিয়ে এলে রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

No comments:
Post a Comment