সময় ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামতের জন্য টাকা ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে, মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
জানা যায়, উপজেলার তেরকান্দা গ্রামের ভেঙে যাওয়া কাঁচা সড়কে মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল অটোরিকশা নিয়ে সংস্কার করা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন।
এ সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চান নয়ন। জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সালিশ বৈঠকে বসেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে সংঘর্ষ হয়।
এরই জেররে বুধবার সকালেও উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষ জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

No comments:
Post a Comment