সময় ডেস্ক : নিজেদের একাউন্টে রাখা টাকা তুলতে এসে দেখেন ব্যাংকে টাকা নেই। কয়েকদিন ধরে এমন ভোগান্তিতে পড়া গ্রাহকরা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শিবগঞ্জ শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন।
বুধবার (৩০) অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখায় ভীড় করেন গ্রাহকরা। এসময় টাকা না পেয়ে উত্তেজিত গ্রাহকরা কর্মকর্তাদের ব্যাংকের ভেতরে রেখে ফটকে তালা দেন।
ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের গ্রাহক ফয়জুল কয়েছ বলেন, চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে ব্যাংকে ৮ লাখ জমা দিতে এলে ঠিকই জমা নিচ্ছে। কিন্তু টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে এলে ৩ হাজার টাকার ওপরে আর দিচ্ছে না। এর বেশি টাকা উত্তোলন করতে পারবো না, এটা কিভাবে সম্ভব। এটা ব্যাংক না ডাকাতদের কারখানা, ব্যাংক কর্তপক্ষ যদি এ সমস্যা সমাধান করতে না পারেন তাহলে উর্ধবতন কর্মকর্তাকে জানাবেন। অথচ জমা ও লোন দুটোই নিচ্ছে এবং দিচ্ছে। আমরা কি ভিক্ষুক, নাকি না লোন নিতে এসেছি? আমাদের টাকা না দেওয়ায় আমরা ব্যাংকে তালা ঝুলিয়েছি। আমাদের মা-বোন প্রতিদিন টাকা জামা রাখেন, পরদিন ব্যাংক কর্তপক্ষ বলে ব্যাংক টাকা নেই।
ইফজালুর রহমান ইফজাল বলেন, ভাই আমি অসুস্থ। আমি ভারতে যাব চিকিৎসা নিতে। ব্যাংক ম্যানেজার ৩ হাজার টাকার ওপরে দিচ্ছে না। সে বলে ৬ মাসের মধ্যে সব ঠিক হবে। আমি এখন চিকিৎসা না করতে পারলে টাকা কেন ব্যাংকে রাখলাম।
ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার সাব্বির হানান জানান, গ্রাহকদের চাহিদা মতো টাকা দেয়া সম্ভব হচ্ছে না। কারণ ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত টাকা নেই। এ জন্য গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। আশা করি দ্রুত এই সংকটের সমাধান হবে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রাহকদের বুঝিয়ে গেটের তালা খোলা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের এমডির সাথে কথা হয়েছে। তিনি টাকা পাঠানোর আশ্বাস দিয়েছেন।

No comments:
Post a Comment