সময় ডেস্ক : লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় গত মাস থেকে মাদক কারবারিচক্রগুলোর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছে।
সম্প্রতি দেশটির স্টেট পাবলিক সিকিউরিটি কাউন্সিল হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
কাউন্সিল জানায়, সিনালোয়া রাজ্যে গত ৯ সেপ্টেম্বর থেকে মাদকচক্রগুলোর মধ্যে সহিংসতায় প্রায় ২০০টি হত্যাকাণ্ড এবং ২২৬টি নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবেদন পাওয়া গেছে। এ ছাড়া সহিংসতা থেকে বাঁচতে ২০০ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
১৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত দুই হাজার মানুষ চাকরি হারিয়েছেন। সিনালোয়ার গভর্নর বলেছেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাজ্যে গত সপ্তাহে ৫৯০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ‘ন্যাশনাল গার্ড, এয়ার ফোর্স, নেভি এবং স্টেট পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে, যারা আমাদের সহিংসতা থামাতে সাহায্য করছে।
তবে দুর্ভাগ্যবশত আমরা এখনো বলতে পারছি না যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আমরা আশা করছি তারা আমাদের সাহায্য করবে।’
সম্প্রতি সিনালোয়া কার্টেলের সহপ্রতিষ্ঠাতা এবং কুখ্যাত মাদক সম্রাট ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা গ্রেপ্তার হন। জাম্বাদা গত ২৫ জুলাই আমেরিকার টেক্সাসের এল পাসো থেকে গ্রেপ্তার হন।
এর পর থেকে এ সংঘর্ষ বাধে, যা এখনো চলমান। ৭০ বছর বয়সী জাম্বাদাকে মার্কিন কর্তৃপক্ষ এল পাসো, টেক্সাসে হেফাজতে নেয়ার সঙ্গে সঙ্গে দ্য চ্যাপিটোস নামক কার্টেলের দ্বিতীয় বৃহত্তম শক্তি এল চ্যাপোর ছেলে এবং উত্তরাধিকারীরা দখল শুরু করে এবং আগুন জ্বালায়।

No comments:
Post a Comment