নিজস্ব সংবাদদাতা : সিলেটের নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবের আত্মত্যাগের বিনিময়ে প্রমাণ করেছেন তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। বর্তমানে সম্ভাবনার যে দ্বার উন্মোচন হয়েছে তা ধারণ করে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। সেই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের চোখ ও কান হিসেবে সাংবাদ মাধ্যমকে মনে করি। তাই তিনি সবার সহযোগিতা কামনা করেন। এরআগে শুরুতে মরহুম সাংবাদিক এটিএম তুরাব স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন জেলা প্রশাসক। এসময় তিনি প্রবাসী অধ্যুষিত সিলেট নিয়ে বলেন, সারাদেশে প্রবাসী সেল থাকলেও সিলেটের জন্য তা আলাদাভাবে দেখা হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত সমাধান হবে। সিলেট-ঢাকা ছয় লেনের সড়কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শীঘ্রই এ ব্যাপারে দৃশ্যমান ভালো খবর পাওয়া যাবে। তিনি জনবান্ধব জেলা প্রশাসন গড়ে তুলতে চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, ইমজা'র সভাপতি সজল ছত্রী, ফটো জার্নালিস্ট এ্যসোসিয়েশন এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি সম্পাদক এমএ হান্নান, সাংবাদিক জাবেদ এমরান প্রমুখ।


No comments:
Post a Comment