বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাড়ে ৪৮ লাখ, নিহত-১৫ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 23 August 2024

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাড়ে ৪৮ লাখ, নিহত-১৫


সময় ডেস্ক :
ফেনী-নোয়াখালী-কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি না হলেও দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এখন পর্যন্ত ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৮ লাখ মানুষ। এ মুহূর্তে ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি।


শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেনী জেলায়। সেই সঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা বন্যার কবলে পড়েছে।


তথ্য বিবরণীতে জানানো হয়েছে, জেলার হিসাব ছাড়াও বন্যা আক্রান্ত উপজেলার সংখ্যা ৭৭টি। এসব উপজেলা প্লাবিত/ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন/পৌরসভা ৫৮৯টি।


প্রেস উইং থেকে জানানো হয়, ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। মারা গেছেন ১৫ জন‌, যার মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ২ জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় ৪, চট্টগ্রামে ৪, ফেনীতে ১, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।


No comments:

Post a Comment

Pages