সময় ডেস্ক : সিলেটে সাংবাদিক এটিএম তুরাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে। এর মধ্যে একটি মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকেও আসামী করা হয়েছে। উভয় মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ পুলিশ সদস্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ এবং বেশ কয়েকজন সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীসহ ১৮ জনের নামোল্লেখসহ দুই থেকে আড়াইশজনের বিরুদ্ধে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত শুনানি শেষে মামলার এফআইআর করার নির্দেশ দিয়েছেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, পিআরও, সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের আসামি করা হয়েছে।
এদিকে সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখসহ ৭৬ জনের নামোল্লেখসহ দুই থেকে তিনজনের বিরুদ্ধে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় এ মামলা করেন তিনি।
নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ বলেন, আমরা ন্যায় বিচার চাই। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের আসামি করেছি। গত ৫ আগস্ট বন্দরবাজারে আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়। বাদী পক্ষের আইনজীবী আবদুর রউফ জানান, আদালত মামলা গ্রহণ করে এফআইআরের নির্দেশ দিয়েছেন।



No comments:
Post a Comment