নিজস্ব সংবাদদাতা : সিলেটে আম্বরখানায় বেপরোয়া গতির মিনি ট্রাকের চাপায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এক দারোগার মৃত্যু হয়েছে। নিহত এএসআই বোরহান (৩৫) এক সন্তানের জনক।
রোববার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বোরহান আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুর রহমান জানান, ডিউটি শেষ করে বোরহান ফাঁড়িতে আসার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে রওয়ানা হয়েছিলেন। ফাড়ির বিপরীত পাশে আসার পর অটোরিকশা থেকে নামতে গেলে দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। সে সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহানের বাড়ি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামে। তিনি এক সন্তানের জনক। পরিবার নিয়ে কর্মস্থলের পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। তবে অটোরিকশা চালক ইউসুফকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির পৌছালে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে চাপা দিলে বুরহান ঘটনাস্থলে মারা যান।

No comments:
Post a Comment