সময় ডেস্ক : বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না থাকার অপরাধে জরিমানা করেন পুলিশ। আর সে কারনে ক্ষিপ্ত হয়ে ওই কর্মী বকেয়া বিলের অভিযোগে থানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শামলি থানায়।
বুধবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, হেলমেট না পরার দায়ে আইন অনুযায়ী ২ হাজার রুপি জরিমানা করার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগের ওই কর্মীকে কেন ৬ হাজার রুপি জরিমানা করেছে পুলিশ সেটি পরিষ্কার নয়।
সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ বিভাগের লাইনম্যান ওই মোটরসাইকেল চালক একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠছেন। পরে শামলি থানার প্রধান ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
থানায় হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে বিদ্যুৎবিভাগ দাবি করেছে। তবে এই বিষয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত বলতে গিয়ে লাইনম্যান মেহতাব বলেন, কাজ শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে হেলমেট না পরায় ট্রাফিক পুলিশ থামান। তিনি পুলিশের কাছে দ্বিতীয়বার এ ধরনের অপরাধ করবেন না বলে অঙ্গীকারও করেছিলেন।
তখন কর্তব্যরত পুলিশ সদস্য তার কথা শোনেন এবং বলেন, বিদ্যুৎ বিভাগ যেকোনো পরিস্থিতিতেই দাম বাড়িয়ে জনগণকে লুট করছে। তিনি মেহতাবকে ৬ হাজার রুপি জরিমানা করেন। যদিও বিদ্যুৎ বিভাগের এই কর্মীর মাসিক বেতন মাত্র ৫ হাজার রুপি।
মেহতাবের দাবি, তাকে যখন জরিমানা করা হয় সেই সময় আরও অনেকে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে চলাচল করতে দেখেছেন। অথচ তাদের কেনো জরিমানা করা হয়নি। এমন প্রশ্ন তার।

No comments:
Post a Comment