নিজস্ব সংবাদদাতা : সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। বুধবার দিবাগত রাত ১টায় জরুরি বৈঠক থেকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ মাংস বিক্রি বন্ধের এ ঘোষণা দেন।
মাংস ব্যবসায়ীদের অভিযোগ- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করে তাদের লোকসান হয়। দীর্ঘদিন থেকে মূল্যবৃদ্ধির দাবি জানালেও সিসিক বিষয়টি আমলে নিচ্ছেনা। তাই তারা বাধ্য হয়ে মহানগরী এলাকায় গরু ও খাসীর মাংস বিক্রি বন্ধ রেখেছেন। তাদের এ ধর্মঘট বৃহস্পতিবার (০৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে।
গরু ও খাসীর মাংস বিক্রি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন রেস্টুরেন্ট, খাবার হোটেল ও পার্টি সেন্টারের মালিকরা। কাস্টমারদের চাহিদা মেটাতে তারা পার্শবর্তী উপজেলার হাট-বাজার থেকে মাংস ক্রয় করে নিয়ে আসছেন।
মাংসের দোকান বন্ধ থাকায় চাপ পড়েছে মুরগির দোকানগুলোতে। এ সুযোগে মুরগির দাম বাড়ার আশঙ্কা করছেন সাধারণ ক্রেতারা।
সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, সিসিক কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬ শ ও খাসীর মাংস ৮ শ ৫০ টাকা নির্ধারিত করে দেয়। গরুছাগলের দাম বৃদ্ধি পাওয়ার সিসিকের নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করলে লোকসান হয়।
মূল্যবৃদ্ধির জন্য আমরা গত এক মাস থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে জানাই। দাবি আমলে না নেয়ায় আমরা বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে মাংস বিক্রি বন্ধ রেখেছি। লোকসান দিয়ে আমরা ব্যবসা করতে পারবো না। সারাদেশে এক দাম নির্ধারিত করে দেওয়ার জন্য সরকারের প্রতি তিনি অনুরোধ জানান।

No comments:
Post a Comment