সময় ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, বাক স্বাধীনতা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। একই সাথে সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীও সরকারের গুম অপরাজনীতির শিকার হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) এম ইলিয়াস আলী গুমের ১০ বছর অতিবাহিত হওয়ায় গুমকৃতদের সন্ধান কামনায় সিলেট জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ভার্চুয়ালী যুক্ত হয়ে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেশে শত শত বিরোধী নেতাকর্মীদের খুন গুম করা হয়েছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, নিশীরাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকারের কাছে কোন এর প্রতিকার চেয়ে লাভ নেই। কারণ দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করে জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সকল গুম রহেস্যর উদঘাটন হবে। গুম অপরাজনীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনজীবন দুর্বিষহ। টিসিবির গাড়ীর সামনে জনতার সারি দীর্ঘ হলেও সরকারী খরচে স্টেডিয়ামে কোটি কোটি টাকা খরচ করে নায়িকা ভাড়া এনে নাচগান করানো হয়েছে।
তিনি বলেন, জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। নিত্যপণ্য নিয়ে সরকার মানুষের সাথে উপহাস করছে। দেশের সর্বত্র আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। মেঘা উন্নয়নের নামে মেঘা লুটপাট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এজন্য প্রয়োজন একটি দুর্বার গণআন্দোলন। যে আন্দোলনে নেতৃত্ব দিবে তৃনমূল বিএনপি। সিলেট হচ্ছে বিএনপির জন্য উর্বর ভুমি। তাই সিলেট থেকেই সরকার পতনের চুড়ান্ত আন্দোলনের সুচনা হবে।
সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় নগরীর দক্ষিণ সুরমাস্থ কুশিয়ার কনভেশন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শপু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম হেলালী ও এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।

No comments:
Post a Comment