সময় ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে চাকরির জন্য সুপারিশ করতে গিয়ে গ্রেফতারকৃত রুমা আক্তারকে দুইদিনের রিমান্ড দিয়ে আদালত।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত রুমা আক্তার বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুরের মো. রেজাউল শেখের মেয়ে। তিনি স্বামী আসলাম মিয়ার সঙ্গে ঢাকার সাভার উপজেলার লুটেরচর এলাকায় বসবাস করতেন।
জেলা পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইলে আগামী ১৬ নভেম্বর কনস্টেবল পদে জনবল নিয়োগের তারিখ নির্ধারিত রয়েছে। গত ৭ নভেম্বর রুমা আক্তার নামে ঐ নারী নিজেকে ‘আইজিপি স্ত্রী’ পরিচয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইলে কল করেন।
এছাড়া এক চাকরিপ্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করে এসএমএস পাঠান। পুলিশ সুপারের বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশ সদর দফতরে বিষয়টি জানান এবং থানার এলআইসি শাখার সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন কথিত রুমা আক্তার একজন প্রতারক।
আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর কেরানীগঞ্জ থানার আটিবাজার-ঘাটারচর এলাকা থেকে প্রতারক রুমা আক্তার ও তার স্বামী আসলাম মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের নামে টাঙ্গাইল সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় বিচারক রুমা আক্তারকে দুইদিনের রিমান্ড দিয়েছেন।
No comments:
Post a Comment