অটোরিকশার জন্য চালককে মেরে মাটি চাপা, ঘাতক গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 14 November 2021

অটোরিকশার জন্য চালককে মেরে মাটি চাপা, ঘাতক গ্রেফতার

নিহত হাফিজ (বায়ে) ও গ্রেফতার জিসান (ডানে)

সময় ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর থেকে নিখোঁজের দুইদিন পর মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে অটোরিকশাচালক হাফিজের মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।


নিহত হাফিজ জেলার আড়াইহাজার থানার মধ্যের চরের মাজহারুল ইসলামের ছেলে ও ফতুল্লা থানার ভুইঘরস্থ মিন্টু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।


রোববার (১৪ নভেম্বর) ভোররাতে লাশ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিসান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জিসান ফতুল্লা থানার ভুইঘরের ফরহাদ মিয়ার ছেলে।


এর আগে নিহত হাফিজের বাবা মাজহারুল ইসলাম বাদী হয়ে শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ্য করেন, শুক্রবার (১২ নভেম্বর) সকালে হাফিজ ভুইঘরস্থ জামালের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়। তারপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। ওইদিন রাতে তাকে কল দেওয়া হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।


ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান গণমাধ্যমকে জানান, নিহত হাফিজের বাবার সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ তদন্তে নামে। একপর্যায়ে পুলিশ জিসানকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জিসান স্বীকার করে যে, অটোরিকশা ছিনিয়ে নেয়ার জন্য পরিকল্পিতভাবে হাফিজকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার জৈনসার গ্রামস্থ একটি নির্জন স্থানে নিয়ে যায়। 


তিনি আরও বলেন, সেখানে চারজন মিলে গলায় সুতা পেঁচিয়ে হত্যার পর বিলের কাদামাটিতে পুঁতে রেখে কচুরি পানা দিয়ে ঢেকে দেয়। পরে অটোরিকশা নিয়ে সটকে পড়ে। গ্রেফতারদের দেখানো মতে রোববার ভোরে সিরাজদিখান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।


No comments:

Post a Comment

Pages