প্রথমদিনে ৩,৫৪৮ এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 14 November 2021

প্রথমদিনে ৩,৫৪৮ এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত


শিক্ষাঙ্গন ডেস্ক :
করোনা মহামারির কারনে বিলম্বে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৩ হাজার ৫৪৮ পরীক্ষার্থী। এরমধ্যে অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে বহিষ্কার করা হয়েছে ২ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। 


রোববার (১৪ নভেম্বর) বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সকালে পরীক্ষার প্রথমদিন রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


এসময় তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। যার মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন। ছাত্রদের চেয়ে এবার প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এবার কেন্দ্র ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে।


এদিকে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ২০০টি কেন্দ্রে পদার্থ বিজ্ঞানের পরীক্ষায় ৪ লাখ ৮৮ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৫৪৮ জন এবং বহিষ্কার হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ জন। তাছাড়া ২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে হয়েছে।


গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। পরীক্ষার্থী বাড়ার হার ৮ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। রোববার (১৪ নভেম্বর) থেকে এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর।  


এসএসসিতে ১৪ নভেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান, ১৬ নভেম্বর রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং ২২ নভেম্বর উচ্চতর গণিত (তত্ত্বীয়), জীব বিজ্ঞান (তত্ত্বীয়), ২৩ নভেম্বর সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি, বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।  


পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়, স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।


No comments:

Post a Comment

Pages