জুমার নামাজে মসজিদে বোমা হামলায় নিহত ৩২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 15 October 2021

জুমার নামাজে মসজিদে বোমা হামলায় নিহত ৩২


বহির্বিশ্ব ডেস্ক :
আফগানিস্তানে আবারও জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।


শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণ ঘটে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এদিন শহরের বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে।


এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি মসজিদের মূল দরজায়, একটি দক্ষিণ অংশে ও তৃতীয়টি অজুখানার দিকে।


হাসপাতাল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। আহতদের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।


নেমাতুল্লা ওয়াফা নামে প্রাদেশিক কাউন্সিলের এক সাবেক সদস্য বলেছেন, তিনি ঘটনাস্থল থেকে অন্তত সাতটি মরদেহ ও আহত ১৩ জনকে সরিয়ে নিতে দেখেছেন।


তালেবানের বিশেষ বাহিনী মসজিদটিতে পৌঁছেছে এবং আহতদের জীবন বাঁচাতে স্থানীয়দের রক্তদানের অনুরোধ জানিয়েছে ।


এদিকে তুর্কিভিত্তিক সংবাদমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, শিয়া মসজিদের বাইরে বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 


স্থানীয় একটি হাসপাতালে বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয়েছে।


এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা না গেলেও আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। 


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারী সাঈদ খোসতি।


প্রসঙ্গত, গত সপ্তাহে কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান।


No comments:

Post a Comment

Pages