আবারো ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 5 September 2021

আবারো ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি


খেলাধুলা ডেস্ক :
সময়ের হিসেবে আর মাত্র ৯ ঘণ্টা তারপরই তর্ক সাপেক্ষে ফুটবল ইতিহাসের সেরা দ্বৈরথের ইতিহাসে যোগ হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। কোপা আমেরিকার ফাইনালে দারুণ লড়াইয়ের পর এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের। 


ফুটবল বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ও উত্তেজনাপূর্ণ ম্যাচ কোনটি? এমন প্রশ্নের জবাবে বেশিরভাগ মানুষের কাছ থেকেই শোনা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের কথা। লাতিন ফুটবলের দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ে বুঁদ হয় বিশ্বের তামাম ফুটবলপ্রেমীরা। এই সুযোগ তারা পাচ্ছে আরো একবার।


রোববার (০৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়ান্স এরেনায় হবে দুই দলের এ জমজমাট ম্যাচটি।


বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার কোনো দলই এখনো হারেনি। তবে এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। সেলেসাওরা হার তো দূরের কথা, ড্র-ই করেনি এখন পর্যন্ত। 


আর্জেন্টিনা অবশ্য ৩ ম্যাচে পয়েন্ট খুইয়েছে। ২ দলের অবস্থান তাই যথাক্রমে ১ ও ২ এ।


গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে শেষবার মুখোমুখি হয়েছিল এ দুই দল। ঐতিহাসিক মারাকানায় ব্রাজিলের দম্ভ চূর্ণ করে সেদিন ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা, পেয়েছিল দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ। এবারের ম্যাচটি হয়তো কোপার ফাইনালের মতো বড় নয়, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এর গুরুত্বও অনেক।


তবে দুই দলই বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনটা শুরু করেছে জয় দিয়ে। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে আর্জেন্টিনা আর ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে চিলিকে। এবার দুই দলের মুখোমুখি লড়াইয়েই হয়তো যেকোনো এক দল পাবে প্রথম পরাজয়ের স্বাদ।


সামগ্রিকভাবে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি পরিসংখ্যানও বেশ জমজমাট। দুই দল এখনও পর্যন্ত খেলেছে ১১২টি ম্যাচ। যার মধ্যে ড্র হয়েছে ২৫টি। বাকি ৮৭ ম্যাচের মধ্যে ব্রাজিলের জয় ৪৬টিতে আর আর্জেন্টিনা জিতেছে ৪১ ম্যাচ। 


দুই দলের শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৩টি আর ব্রাজিলের জয় ২ ম্যাচে।



No comments:

Post a Comment

Pages