মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবি, ১৯ লাশ উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 27 August 2021

মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবি, ১৯ লাশ উদ্ধার


সময় ডেস্ক :
বালুবোঝাই ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। 


শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে। 


রাত পৌনে ৯টা পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।


নিহতরা হলেন- রুবিনা বেগম (৪০), মোসা. ফরিদা বেগম (৪০) স্বামী জজ মিয়া, অঞ্জনা (৪২) স্বামী পরিমল বিশ্বাস। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্থানীয় মানুষও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। 



স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। 


এক যাত্রী বলেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।


No comments:

Post a Comment

Pages