নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ ও জাতিকে নিয়ে। তিনি এদেশের মানুষকে ভালবাসতেন, এদেশ নিয়ে স্বপ্ন দেখতেন। বাংলাদেশ যেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য ৭১ এর পরাজিতরাই জাতির জনককে হত্যা করে। আর সেই খুনিদের বিচার না করে ইন্ডেমনিটি আইন বাতিল করে তাদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান।
রোববার (২২ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মো. শামীম আহমদের পরিচালনায় মাহবুুবুল আলম হানিফ আরো বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। তাই দেশের মানুষ আওয়ামী লীগকে চায়। মানুষ এখন উন্নয়ন চায়। কিন্তু বিএনপি তার নিজের দলের মধ্যেই গণতন্ত্র নেই, তাদের মুখে কীভাবে গণতন্ত্রের বাণী উচ্চারিত হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করেনা। দেশের মানুষের স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করেন। একুশে আগষ্ট ও ১৫ আগষ্ট সম্পর্কে হানিফ বলেন, দুটোই একই সূত্রে গাঁথা। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ধ্বংস করতেই তারেকের নেতৃত্বে এ হামলা করা হয়। অবিলম্বে গ্রেনেড হামলার আসামীদের দেশে এনে সুষ্ঠ বিচার প্রতিষ্ঠা করা হবে।
হানিফ আরো বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক নৌকা। দেশ স্বাধীন হওয়ার আগেও ৭০ এর নির্বাচনে নৌকা বিজয়ী ছিল। এখনও বিজয়ের বেশে নৌকা আছে, এবং থাকবেই। সিলেট-৩ আসন নির্বাচনে তিনি নৌকা ভোট দিয়ে বিজয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
তিনি বলেন, হাবিব তরুণ প্রার্থী। তার চুখে মুখে শুধু উন্নয়নের চিত্র। তাকে একবার সুযোগ দিলে আমার বিশ্বাস সিলেট-৩ আসনের রূপরেখা পাল্টে যাবে। উন্নয়নের জোয়াড় বইবে।
সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। তিনি বলেন, খুনি জিয়া বেঈমানি করেছে, খুনি মুশতাক বেঈমানি করেছে। বঙ্গবন্ধুর আদর্শ ছিল বলেই তিনি কোটি কোটি মানুষের মাঝে বেঁচে আছেন। পরে তিনি উপস্থিত নেতাকর্মীকে নৌকার পক্ষে শপথ করান এবং সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে ভোট প্রার্থনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আগাছাগুলো বাংলাদেশকে বার বার কলুষিত করেছে। এখনো সেই আগাছাগুলো বাংলাদেশকে কলুষিত করার চেষ্টায় আছে। তবে মনে রাখতে হবে, আগাছাদের সাময়িক বিজয় হলেও তাদের পরাজয় অবশ্যম্ভাবি। এখন সেই আগাছাগুলো আওয়ামী লীগে প্রবেশ করে সুবিধা নিতে চায়। তবে জননেত্রী শেখ হাসিনা সেই আগাছাগুলো উপড়ে ফেলার উদ্যোগ নিয়েছেন।
শোকসভায় আজিজুস সামাদ ডন বলেন, জিয়াউর রহমান হচ্ছে বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। আর তারই ছেলে তারেক রহমান শেখ হাসিনার পেছনে লেগেছে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। এ সময় আধুনিক-নান্দনিক সিলেট-৩ আসন গড়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।



No comments:
Post a Comment