বঙ্গবন্ধুর শোকে খালি পায়ে কালো কাপড় পড়ে ৪৬ বছর পার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 14 August 2021

বঙ্গবন্ধুর শোকে খালি পায়ে কালো কাপড় পড়ে ৪৬ বছর পার


সময় ডেস্ক :
অত্যান্ত সাধারণ একজন মানুষ ইছাহাক আলী শরিফ (৯২)। জীবনযাপনও তার একেবারে সাদামাটা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কিছুতেই  মানতে পারেননি তিনি।


দিনমজুর ইছাহাক আলী শেখ মুজিবকে হারানো শোক বুকে ধারণ করে দীর্ঘ ৪৬ বছর  খালি পায়ে ও তার মৃত্যুর শোক হিসেবে কালো পোশাকে চলাচল করছেন।


এ কারণে স্থানীয়রা তাকে মুজিব ‘পাগল’ বলে আখ্যায়িত করেন। মুজিবভক্ত ইছাহাক আলী বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামে একটি জরাজীর্ণ পরিবেশে ছোট্ট একটি ঘরে বসবাস করেন।


স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার খবর যখন সারা দেশে ছড়িয়ে পড়ে তখন থেকেই ইছাহাক আলী শরিফকে দেখছি পরনে কালো লুঙ্গি ও গাঁয়ে কালো জামা এবং খালি পায়ে হাঁটতে। এটা শুধু বাড়িতে নয়, হাটবাজারসহ কোথাও কোনো অতিথি হয়ে গেলেও এ পোশাক থাকে তার।


আর কখনো শেখ সাহেবকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে তিনি তার প্রতিবাদ করেন। এরকম প্রতিবাদ করতে গিয়ে তিনি ৩-৪ বার হামলারও শিকার হয়েছিলেন। পুরো জীবন শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগ বলে কাটিয়ে দেওয়া পাগল এই ইছাহাক আলী শরিফ।


‘জয়বাংলা’ স্লোগানের জন্য নানারকম অত্যাচার-নিপীড়ন সহ্য করেছেন কিন্তু তাকে জয়বাংলা থেকে সরাতে পারেনি কেউ। তবে এর বিনিময়ে সারাজীবন মুজিব-হাসিনা-নৌকা করে যাওয়া মুজিব পাগল নিজের অভাব অনটনসহ কোনো কিছুর জন্য কারও কাছে ধরনা দেননি।


ইছাহাক আলী শরিফ বলেন, এহোনগো নেতাগো ধারে মোর কিছু চাওয়ার নাই। বঙ্গবন্ধুর স্বাধীন করা এই জমিনে তিনি শুয়ে আছেন। আর সেই জমিনে মুই কোনদিনই জুতা পায়ে হাঁটিনি আর হাঁটবও না। শুধু গ্রামে গ্রামে ঘুরে শেখ সাহেবের নামে দোয়া চাচ্ছি।


তিনি আরও বলেন, এহন সবাই আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভালোবাসে। আর মুই শেখ সাহেবকে ভালোবাসি। একজন শেখ সাহেব ছিল বলেই আজ বাংলাদেশ স্বাধীন অইছে। যে মাটিতে মোগে নেতা শেখ সাহেব ঘুমিয়ে আছেন, সেই মাটিতে আমি কোন দিনই জুতা পায়ে হাঁটতে পারব না। তাই শেখ সাহেবের মৃত্যুর পর আর কোনদিন জুতা পায়ে দেই না। তার মৃত্যুর শোকে তখন থেকেই কালো পোশাক পরিধান করি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা ব্যাস্ত মানুষ যদি কখনো তিনি সময় দেন তাহলে দেখা করব। কিন্তু তার কাছে মোর চাওয়ার কিছু নাই। তার বাবা দেশের জন্য অনেক কিছু করছে। আর শেখ হাসিনাও তার বাবার মত মানুষের জন্য কাজ করছে।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান মু. তৌফিক উজ্জামান তনু বলেন, শেখ মুজিবের মৃত্যুর পর থেকে খালি পায়ে হাঁটা ও কালো পোশাক পরিধান করা ইছাহাক আলী শরিফ এলাকায় মুজিব পাগল নামে পরিচিত। তিনি কোনো কিছু দাবি না করলেও চেয়ারম্যান হিসেবে তার পরিবারের দিকে আমি বিশেষ খেয়াল রাখি।



No comments:

Post a Comment

Pages