সিলেট-৩ আসনে নৌকা প্রত্যাশী ২১ জনের ৩ জন আলোচনায় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 10 June 2021

সিলেট-৩ আসনে নৌকা প্রত্যাশী ২১ জনের ৩ জন আলোচনায়


জ্যেষ্ঠ প্রতিবেদক :
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনে প্রার্থিতার জন্য আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী ২১ জন। এই ২১ জনের মধ্যে কে হচ্ছেন নৌকার আগামী দিনের কাণ্ডারি? এ নিয়ে চলছে নানান গুঞ্জন।


আগামী শনিবার (১২ জুন) দলের পার্লামেন্টারি বোর্ডের সভা শেষে জানা যাবে সিলেট-৩ এ নৌকার মাঝি কে হচ্ছেন। যাকেই দলের মনোনীত প্রার্থী দেয়া হবে তাকে বিজয়ী করতে নেতা-কর্মীদের কাজ করতে নির্দেশনা থাকবে বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।


গত ০৫ জুন সকাল থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করলে ২১ জন ফরম সংগ্রহ করে এরই মধ্যে জমাও দিয়েছেন। 


স্যোশাল মিডিয়াসহ নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে ও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছ থেকে দোয়া নিচ্ছেন।


সিলেট-৩ এ নৌকা প্রত্যাশী ২১ জন হলেন- দলের টানা তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনর (বিএমএ) মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর (কয়েস) সহধর্মিনী ফারজানা সামাদ চৌধুরী, জেলাআওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলার পিপি ও সাবেক ছাত্রনেতা এডভোকেট নিজাম উদ্দিন, জেলার যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, দলের যুক্তরাজ্য শাখার সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।


এছাড়াও আছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা দেওয়ান গৌছ সুলতান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, দলের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি ও স্বাধীনতা পরবর্তী সময়ে সিলেটের প্রথম করদাতা বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও এটিএন বাংলার সিলেট ব্যুরো চীফ শাহ মুজিবুর রহমান জকন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী এনাম উল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান শাহিন ও এম সদরুল আহমেদ খাঁন, স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খাঁন, সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ, ইস্ট লন্ডন যুবলীগের সভাপতি হোসাইন আহমদ ও শ্রমিক লীগ নেতা শামীম ইকবাল।


তবে, মনোনয়ন ভাগিয়ে নেয়ার দৌড়ে রয়েছেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, ফারজানা সামাদ চৌধুরী। তাদের তিনজনের যেকোনো একজন নৌকার কাণ্ডারি হতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


এদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই ১৭ জুন। আপীল দায়ের ১৮ ও ২০ জুন। আপীল নিষ্পত্তি ২১ ও ২২ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন। ১৪ জুলাই বুধবার এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


 




 

No comments:

Post a Comment

Pages