মাধবপুরে গায়েহলুদের দিন কনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 11 June 2021

মাধবপুরে গায়েহলুদের দিন কনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে গায়েহলুদের দিন সংসার জীবনে পা রাখার আগ মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক কনে।

বৃহস্পতিবার (১০ জুন) মাধবপুর উপজেলার বাড়াচান্দুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

বাড়াচান্দুরা গ্রামের মো. রশিদ মিয়ার মেয়ে সুইটি। গায়েহলুদের দিন জ্বর, ঠাণ্ডা ও গলা ব্যথার কারণে এ মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করে।

জানা গেছে, কিছুদিন ধরে জ্বর, ঠাণ্ডা ও গলা ব্যথায় ভুগছিলেন সুইটি। এরই মধ্যে তার বিয়ে ঠিক হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুরের মো. শহীদ মিয়ার ছেলে স্বপন মিয়ার সঙ্গে। 

শুক্রবার লাল বেনারসি পরে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সুইটির। বৃহস্পতিবার বাড়িতে চলছিল গায়েহলুদের আনন্দ। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বেসরকারি ক্লিনিকে নেয়া হয় তাকে। 

সেখান থেকে চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন। সবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দুপুরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় মৃত্যু হয় সুইটি আক্তারের। পরে লাশ বাড়িতে নিয়ে বিকালে জানাজা ও দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, নিজের বিয়ের জন্য সাজানো গেট দিয়েই কবরস্থানে নেয়া হয় সুইটি আক্তারের লাশ। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, ওই তরুণী কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। যদি আগে থেকে চিকিৎসা করানো হতো হয়তো মেয়েটি বেঁচে যেতো।


No comments:

Post a Comment

Pages