৩দিন পেছালো লকডাউন, শুরু বৃহস্পতিবার থেকে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 26 June 2021

৩দিন পেছালো লকডাউন, শুরু বৃহস্পতিবার থেকে


সময় ডেস্ক :
দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে সারাদেশে লকডাউনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা আরও তিনদিন পর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।


শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান- করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন শুরু হলেও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের (শাটডাউন) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে চলমান বিধিনিষেধ অকার্যকর হয়ে যাওয়ায় আরও কঠোর অবস্থানের অংশ হিসেবে নতুন করে সারাদেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। 


শুক্রবার জনপ্রশাসন মন্ত্রী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিলেও এর একদিনের মাথায় তা পরিবর্তন করা হলো। সরকার এটাকে কঠোর লকডাউন বললেও সরকারের কঠোর অবস্থানের কারণে বিধিনিষেধ ‘শাটডাউন’ হিসেবে পরিচিতি পেয়েছে।


কঠোর এই লকডাউনের সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে যানবাহন এবং জরুরি পণ্যবাহী ছাড়া বন্ধ থাকবে সব ধরনের যান চলাচল।


সাধারণ মানুষের চলাচলের ওপরও থাকবে নিষেধাজ্ঞা। সরকারিভাবে বলা হচ্ছে, জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না কেউ। তবে গণমাধ্যমের কর্মীরা কঠোর লকডাউনের বাইরে থাকবেন।


এদিকে লকডাউনের মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন এবং সব স্থলবন্দর খোলা থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।


No comments:

Post a Comment

Pages