সময় ডেস্ক : মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে। শুক্রবার (১২ মার্চ) জুমার নামাজের পর ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠছে।
মুসল্লিদের ধারণা, জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা যখন চলে যান সে সময় মসজিদ ফাঁকা পেয়ে ৩টি দান বাক্স ভেঙে এবং অপর ৩টি দানবাক্স নিয়ে যায় চোর।
মুসল্লিরা বলছেন, মোট ৬টি কাঠের তৈরি দানবাক্সে মাসিক জমানো আনুমানিক ১০-১২ হাজার টাকা চুরি হয়েছে।
দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইম'দাদুল হক আরেফী বলেন, পবিত্র জুমার নামাজ আদায় করে আমি বাসায় চলে যাই। আসরের নামাজের সময় মসজিদে প্রবেশ করে ৩টি দানবাক্স ভাঙা অবস্থায় দেখতে পাই এবং অপর ৩টি দানবাক্স নাই।
মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবুল বাশার জানান, জুমার নামাজের পর দান বাক্সগুলো প্রতিদিনের মতো মসজিদের শোকেসের ভেতরে রেখে বাসায় চলে যাই। বাসা থেকে খাওয়া-দাওয়া শেষ করে দিঘীরপাড় বাজার ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক বেতন আদায়ের জন্য যাই। বেতন আদায় শেষে আসরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করে দেখি এ অবস্থা।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, প্রতি মাসের ধারণানুসারে ১টি বাক্সে মাসে এক থেকে দেড় হাজার টাকা ওঠে। বিষয়টি তারা জনপ্রতিনিধি ও পুলিশের নজরে দিবেন।

No comments:
Post a Comment