সময় ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে মিছিলটি রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।
মিছিলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় অবিলম্বে আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিও জানান তারা।
প্রসঙ্গত, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নড়াইলের একটি আদালত। মানহানির দুটি পৃথক মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

No comments:
Post a Comment