ভেস্তে গেলো ১৫৬ এমপির অনুরোধ, দলীয় প্রতীকেই ইউপি নির্বাচন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 19 February 2021

ভেস্তে গেলো ১৫৬ এমপির অনুরোধ, দলীয় প্রতীকেই ইউপি নির্বাচন


সময় ডেস্ক :
জাতীয় সংসদের ১৫৬ জন সরকার দলীয় সংসদ সদস্য আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার কাছে অনুরোধ করেছিলেন যেন স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে ভোট না করা হয়।  কিন্তু তাদের সেই অনুরোধ ধোপে টিকেনি। গণভবনের বিশস্ত সূত্র এবং আওয়ামী লীগের হাই কমান্ড বিষয়টি ভোরের পাতাকে নিশ্চিত করেছে। 


গণভবনের একটি নির্ভরযোগ্য সূত্র ভোরের পাতাকে জানায়, করোনাকালীন সময়ে গত জানুয়ারি মাসে এ বছরের প্রথম সংসদ অধিবেশনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে  বিভিন্ন ধাপে ১৫৬ জন আওয়ামী লীগের সংসদ সদস্য স্থানীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে না করার অনুরোধ করেন। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন দলীয় প্রতীকেই সকল স্থানীয় সরকার নির্বাচন করার। কারণ হিসাবে সূত্রটি বলছে, আওয়ামী লীগের প্রতীক নৌকার প্রতি যারা আস্থাশীল নয়, তাদের রাজনৈতিক আদর্শের ঘাটতি রয়েছে কিনা সেটিও দেখা যায় এই নির্বাচনগুলোর মাধ্যমে। যেসব মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতা নৌকার পক্ষে গোপনে বা প্রকাশ্যে বিরোধিতা করে তাদের চেনার প্রকৃত পরিচয় উন্মোচিত করার জন্যই তৃণমূলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের কোনো বিকল্প নেই। 


এদিকে, আওয়ামী লীগের একজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ভোরের পাতাকে বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোয়ন বোর্ডের সভাপতি হিসাবে চূড়ান্ত সিদ্ধান্ত দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার চূড়ান্ত সিদ্ধান্তকে যারা বিরোধিতা করার চেষ্টা করেন, তারাই দলীয় প্রতীকে নির্বাচন চান না। তাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসারও অনুরোধ জানিয়ে প্রেসিডিয়াম সদস্য বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। এক যুগ ধরে ক্ষমতায় থাকার কারণে দলের মধ্যে কতিপয় লোকের অনুপ্রবেশ ঘটেছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।


অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করতেই অনেক মন্ত্রী, এমপি তৃণমূলের পোড় খাওয়া আওয়ামী লীগারদের দমিয়ে রাখার অপকৌশল হিসাবেই নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন সময় কাজ করেছে। তাদের তালিকাও দলের পক্ষ থেকে করা হয়েছে। এমনকি এবার পৌরসভা নির্বাচনেও যেসব এমপি মন্ত্রী দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে এ বিষয়টি সবচে বড় বাধা হিসাবে সামনে আসবে বলেও মনে করেন ‍দলের এই প্রেসিডিয়াম সদস্য।


উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল  দেশের ৯টি পৌরসভা ও ৩২৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের তফসিল আগামী ২ মার্চের পর ঘোষণা করবে ইসি বলে গত বুধবার এক বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর জানিয়েছেন। ৯টি পৌরসভার মধ্যে রয়েছে কুমিল্লার নাঙ্গলকোট, ঝালকাটি, ফরিদপুরের ভাঙ্গা, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কক্সবাজারের মহেষখালী ও চকরিয়া, দিনাজপুরের সেতাবগঞ্জ এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ।


প্রথম ধাপে ৩২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণার আগে থেকেই দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হবে কিনা তা নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে নানা মহলে আলোচনা শুরু হয়। তবে ভোরের পাতার পক্ষ থেকে গত ১১ ফেব্রুয়ারিই অনলাইন ভার্সনে ‘দলীয় প্রতীকেই হচ্ছে ইউপি নির্বাচন’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। নিউজটিতেই অনেক বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।


সূত্র : ভোরের পাতা


No comments:

Post a Comment

Pages