সময় ডেস্ক : তৃতীয় ধাপে অনুষ্ঠিত ৬২ পৌরসভা নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে একটানা বিকেল ৪টা পর্যন্ত । মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরই মধ্যে তৃতীয় ধাপে ৩৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এর মধ্যে কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া- এই তিন পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এছাড়া ৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে এবং ২৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
বেসরকারিভাবে বেশ কিছু পৌরসভায় মেয়র পদে নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ২৪টি পৌরসভার ফলাফলের মধ্যে ১৯ টিতেই বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। তিনটি পৌরসভায় জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী। দুই টি পৌরসভায় জয়ী হয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী।
মেয়র পদে বিজয়ী নৌকার প্রার্থীরা হলেন- দিনাজপুরের হাকিমপুরে এন এম এম জামিল হোসেন চলন্ত, বগুড়ার শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক ও নন্দিগ্রামে মো. আনিছুর রহমান, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মো. শহিদুজ্জামান, নাটোরের সিংড়ায় মো. জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গার দর্শনায় মো. মতিয়ার রহমান, বরগুনা সদরে মো. কামরুল আহসান (মহারাজ), শেরপুরের নকলায় মো. হাফিজুর রহমান ও নালিতবাড়ীতে মো. আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহের ভালুকায় এ কে এম মেজবাহ উদ্দিন, কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. শওকত উসমান, মৌলভীবাজারে মো. ফজলুর রহমান, চাঁদপুরের হাজীগঞ্জে আ স ম মাহবুব উল আলম, ফেনী সদরে নজরুল ইসলাম স্বপন, নড়াইল সদরে আঞ্জুমান আরা, কালিয়া পৌরসভায় ওয়াহিদুজ্জামান হীরা, টাঙ্গাইলের সখীপুরে আবু হানিফ আজাদ ও কুমিল্লার চৌদ্দগ্রামে জি এম মীর হোসেন মীরু।
দুটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। তাঁরা হলেন বগুড়ার গাবতলীতে মো. সাইফুল ইসলাম ও কাহালুতে মো. আব্দুল মান্নান।
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী এ জি এম বাদশাহ, সিলেটের গোলাপগঞ্জে মো. আমিনুল ইসলাম ও জকিগঞ্জে আবদুল আহাদ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মো. খালেদ সাইফুল্লাহ মেয়র নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কিশোরগঞ্জ পৌরসভায় স্থগিত থাকা একটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ওই কেন্দ্রের ফলসহ মোট ভোটে আওয়ামী লীগের প্রার্থী মো. পারভেজ মিয়া আবার মেয়র নির্বাচিত হয়েছেন।

No comments:
Post a Comment